← Site আমি যেভাবে ভালো মানুষ হয়ে উঠলাম

Chapter 4 / 51 · 1 min

গরুর মাংসের রেসিপি


দেশের বাইরে একা থাকার সবচেয়ে বড় কষ্ট হলো নিজের রান্না নিজে করা। অরণী যতদিন ছিল, ও ফ্রিজের তৃতীয় তাকে গরুর মাংস রান্না করে রেখে দিত। অফিস থেকে এসে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খেয়ে নিতাম। সহজ।

আর আজ? বাসায় এসে ডিপ ফ্রিজ থেকে পলিথিনে মোড়ানো জমাট বাঁধা গরুর মাংস বের করে বেসিনে গরম পানি ছেড়ে বসে আছি। প্রচণ্ড ক্ষিদে পেয়েছে - কিন্তু কিছু করার নেই, মাংস বরফ থেকে নরম হতে এক ঘণ্টা, এরপর রান্না আরো এক ঘণ্টা।

প্রথম এক ঘণ্টার সদ্ব্যবহার করার জন্য আমি মশলা কষানো শুরু করলাম, অরণীর শিখিয়ে দেয়া ট্রিক্স এসব। আগে মশলা কষাতে হবে, তারপর কষানো মশলায় নরম মাংস দিয়ে অল্প আঁচে এক ঘণ্টা বসিয়ে রাখা লাগবে।

অদ্ভুত। মানুষ চলে যায় - কিন্তু তাদের একটা অংশ থেকে যায়। স্মৃতি হয়ে, ভাষা হয়ে, কিংবা খুব সাধারণ গরুর মাংসের রেসিপি হয়ে।

মসলা কষানো শেষ, আমি গরুর মাংস পলিথিন থেকে খুলতে গিয়ে নিজের উপর অসীম বিরক্তি নিয়ে মাংসের দিকে তাকিয়ে রইলাম।

রাগে গাঁ কাঁপছে।

গরুর মাংসের বদলে, ভুলে অরণীর মাংস বের করে ফেলেছি।

সিরিয়াসলি? এখন আবার ১ ঘণ্টা অপেক্ষা করা লাগবে গরুর মাংস নরম হওয়ার জন্য?