Chapter 17 / 51 · 3 min
Strawberry Swing
বুলেট যেই মুহূর্তে এসে গায়ে লাগে, সেই মুহুর্তেই ব্যথা লাগে - এমন না। একটা ধাক্কা লাগে, প্রচন্ড জোরে ধাক্কা। কি হচ্ছে সেটা বুঝে উঠার আগেই ক্ষতস্থান থেকে ব্যথাটা বৃত্তাকারে সারা শরীরে ছড়াতে থাকে।
আমার হাতে লেগেছিল গুলি। অবশ্য বুকে লাগলেও কিছু যায় আসতো না। যুদ্ধে যেদিন প্রথমে এসেছিলাম, সেদিন ভাল লাগছিলনা - কবে জীবিত ফেরত যাব শাহনাজের কাছে। আজও ভাল লাগেনা, এত রিস্ক নেয়ার পরেও ক্যানো মরছিনা।
এপ্রিল থেকে ডিসেম্বর, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি আমি। মার্চের শেষে শাহনাজ থেকে বিদায় নিয়েছিলাম। খুব যে দেশপ্রেম থেকে গেছি যুদ্ধে তা না। আমার ইচ্ছে করেনি যেতে।
আমরা যে বাসায় থাকতাম, তার কিছু দূরে একটা জংলামত জায়গা ছিল। সেটা ধরে একটু এগিয়ে গেলে একটা হ্রদ দেখা যেত। স্বচ্ছ নীলাভ পানি, টলমল করতো। আর চারপাশে সবুজ এবং আরো সবুজ।
আমরা যায়গাটার নাম দিয়েছিলাম, Strawberry Swing , কোন মানে নেই এই নামের। এমনি দিয়েছিলাম। এই Strawberry Swing এ বসে আমরা খুবই হালকা বিষয়ে হালকা আলোচনা করতাম। হ্রদের পানি নীল কেন - এই ধরনের টপিকে আমাদের ঘন্টার পর ঘন্টা তর্ক হত।
এরপর বাসায় ফিরলে, একটা নিশ্চিত স্বপ্ন দেখার কনফিডেন্স নিয়ে যখন বিছানায় ঘুমুতে যেতাম … তখন সেই মুহুর্তের সেই অনুভূতিটার নাম দিয়েছিলাম সুখ।
এরপর একদিন সেই সুখ শেষ হয়ে গেল। যুদ্ধে যাওয়া ছাড়া আমার আর কোন অপশন ছিলনা। আমার কখনোই যুদ্ধে মন টেকে নি। ওপারে পাকিস্তানীরা কয়জন বাংগালী মারলো তাতে আমার কখনোই রাগ উঠেনি। কি যায় আসে… যুদ্ধ শেষ কবে হবে সেটা হলো প্রশ্ন।
আমি গা বাচিয়ে চলতাম, রিস্কি অপারেশন বুঝলেই অসুস্থ হয়ে যেতাম। আমার প্লাটুনের সৈনিকরা কেউ মৃত , কেউ অর্ধমৃত এবং কেউ পঙ্গু হয়ে ফিরে আসতো। আর কেউ কেউ ফিরেই আসতো না। আমার তখন তাদের জন্য যতটা খারাপ লাগতো, তার চেয়ে বেশী নিজের জন্য ভাল লাগতো।আমি তো বেচে গেছি। শাহনাজের জন্য হলেও বেচে থাকা দরকার।
গ্রাম থেকে গ্রামে যুদ্ধের সময় অনেক হ্রদ দেখেছি, নীল আকাশ দেখেছি… কিন্ত আমার কোন কিছুই বোধ হয়নি। শাহনাজকে ছাড়া সব কিছুই ম্লান। প্রতিটা মুহুর্তে আমি সেই স্ট্রবেরী সুইংকে মিস করেছি। আমার জীবনের সেই পারফেক্ট দিন গুলো। তারপর একদিন আমি শুনলাম, শাহনাজ আর নেই। দেশের সেই অবস্থায় একলা থাকা নিরাপদ ছিলনা। আমেরিকা প্রবাসী স্বামীর পেয়ে, চলে গেছে।
তারপর থেকে আমি যুদ্ধে সাহস দেখাতাম। সামনের দিকে থাকতাম। অদ্ভুত ব্যপার গুলি পাশের জনের গায়ে লাগলেও আমার গায়ে লাগতোনা। আমি সত্যি বলছি, আমার মাঝে দেশপ্রেম ছিলনা। প্রেম ছিল শাহনাজের প্রতি , শাহনাজের সাথে সেই Strawberry Swing এর প্রতি।
আজ অবশেষে গুলি লাগলো। যুদ্ধ চলছে এখনো। রক্ত গড়িয়ে পড়ছে হাত বেয়ে। ব্যথা লাগছে কিন্ত কিছু যায় আসেনা…
বিদ্র: It’s not an original story. আমি Coldplay এর Strawberry Swing গানটা শুনে ইন্সপায়ার্ড হয়ে এই লিখাটা লিখসি। সেই গানের ফিলিংসটা আমার মতো করে ব্যখ্যা করসি। মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের কোনভাবে ছোট করার কোন রকম ইনটেনশন আমার ছিলনা।