← Site আমি যেভাবে ভালো মানুষ হয়ে উঠলাম

Chapter 50 / 51 · 1 min

যে তথ্যটি আসলে নিরীহ ছিলোনা


“আরেহ! জেরিন না ?”

জেরিন থামল, সাব্বিরকে চিনতে তার একটুও সমস্যা হয়নি। তাও চমকে যাওয়ার ভান করে বলল, “সাব্বির ভাই? কেমন আছেন!”

সাব্বির উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, “আমি তো ভেবেছিলাম চিনতে পারবেনা! কত বছর পরে দেখলাম তোমাকে! আংকেল আন্টি কেমন আছে?”

জেরিন জানাল তারা ভাল আছে, এরপর জেরিন তার ছোট ভাই এর বুয়েটে ভর্তির খবর জানাল, এরপর তাদের বাসার সামনে মাঠের খবর যেখানে সাব্বির ভাই সারাহ আপু আর তার ছোট ভাইরা খেলত, তারপর জানাতে হলো জেরিনের পড়াশোনার কথা … জেরিন নিরীহ তথ্য গুলো দিতে দিতে ভাবতে থাকে, বলবে কথাটা?

ছোঁয়াছুঁয়ি নামক যে নিরীহ খেলাটা তারা ছোট বেলায় খেলত, সেই খেলায় সাব্বির ভাই তাকে যেভাবে ছুঁয়েছিল সেটি তখন না বুঝলেও যে এখন বুঝে, মনে পড়লে ঘেন্না লাগে - এই তথ্যটি কি সাব্বির কে জানাবে? জানালে বুঝবে? বুঝলে নিতে পারবে?