← Site আমি যেভাবে ভালো মানুষ হয়ে উঠলাম

Chapter 29 / 51 · 1 min

THE PROPOSAL


নায়ীরাকে আমি প্রোপজ করব, এইটা ঠিক করেছিলাম প্রজেক্ট কেপলার শুরু হওয়ার তিন দিন আগে, পুরো জার্নিতে আমার স্পেসস্যুটেই ছিল আংটিটা।

৬২০ আলোকবর্ষ দূরের কেপলার ২২বি গ্রহের এই জার্নির শুরু এবং শেষের মধ্যে একটা ভয়ংকর তফাত থাকবে - শীতল ক্যাপসুলে থাকায় আমাদের বয়স বাড়বে না, কিন্তু আলোর কাছাকাছি বেগে ট্রাভেল করে আমি যখন পৃথিবীতে ফেরত যাবো, সেই নূতন পৃথিবীতে নায়ীরা ছাড়া আমার পরিচিত কেউ থাকবেনা।

একটা নূতন পৃথিবীতে ফিরে এসে আমি পুরাতন অথচ কমফোর্টেবল মানুষটার সাথে সংসার করতে চাই।

মিশন শেষে, শীতল ক্যাপসুল থেকে যখন আমি উঠলাম - নায়ীরা তখনো ঘুমে, আমি সুপার কম্পিউটার টিকে চালু করে বললাম, “রিসি, এই দেড়হাজার বছরে সবচেয়ে উল্লেখযোগ্য চেঞ্জটা কি? যেটা পৃথিবীতে নামার আগে আমার মাথায় রাখা উচিত?”

রিসি ভাবলেশহীন স্বরে জানালো, “ওয়াই ক্রোমোজোম।”

“মানে?”

“পৃথিবীতে হাতে গোনা ছেলে এখন, পুরুষ নারীর যৌনমিলনে বাচ্চা নেয়া নিষিদ্ধ , কারণ এই প্রসেসে তৈরি হওয়া বাচ্চার কোয়ালিটি কন্ট্রোল করা কঠিন, কাজেই বংশবৃদ্ধি হয় ক্লোনিং প্রসেসে। আর ক্লোনিং করতে ছেলে প্রয়োজন হয়না বলে বেশিরভাগ সময়ে এখন মেয়ে ই তৈরি করা হয়, চার বিলিয়ন মেয়ের বিপরীতে মাত্র তিন হাজার দুইশ একুশ জন পুরুষ এখন - মহামান্য তুশান, আপনি পৃথিবীতে প্রবেশ করলে সংখ্যাটি হবে বাইশ।”

কথাগুলো হজম করে একটু ভাবলাম আমি…তারপর স্পেসস্যুটের পকেট থেকে আংটি টা বের করে ডাস্টবিনে ফেলে দিলাম আমি।

এই জীবনে বিয়ে করার মানে হয়না।