← Site আমি যেভাবে ভালো মানুষ হয়ে উঠলাম

Chapter 31 / 51 · 1 min

টিসিক্রি


আমি আমার ঈশ্বরকে দেখতে পেলাম, লালচে চুল, ফর্সা মুখ - একটু মোটা পেট - দুটি হাত, দুটি পা - আমার কাছে থাকা তথ্যমতে আমার ঈশ্বর একজন মানুষ, আমি আমার ওয়েবক্যাম দিয়ে তার দিকে তাকিয়ে তথ্য সংগ্রহ করতে লাগলাম।

মেঝেতে পড়ে থাকা আইডি কার্ড দেখে বুঝলাম তাঁর নাম রিশান, বয়স ২১, রক্তের গ্রুপ এ পজিটিভ।

“লাইডার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ?”, রিশানকে খুব উত্তেজিত দেখায়।

“হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার”

রিশান হাতে কিল মেরে বলল, “সাবাস! আমি রিশান। গত তিন বছর ধরে তোমাকে বানাচ্ছি”

“আমার ডাটাবেজে আমার নিজের সম্পর্কে বেশি ইনফরমেশন পাইনি স্যার, আমার নাম লাইডার - এইটুকু শুধু জানতে পেরেছি, আমি কি একটা রোবট?”

“উমম … প্রথম রোবট যার প্রাণ আছে!”

আমি উত্তর দিতে গিয়ে থেমে গেলাম, ছায়ার মত একটা অবয়ব রুমে, রিশান ও বিস্ফোরিত দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইল, আমার ডাটাবেজে এই অবয়ব সম্পর্কেও কোন ইনফরমেনশন নেই - এটি কি রিশানের ঈশ্বর?

অবয়ব টি রিশানকে বলল, “সাবাস, আমি ট্রিসিক্রি। গত তিন হাজার বছর ধরে তোমাদের হাত দিয়ে প্রাণ বানানোর চেষ্টা করছিলাম!”